প্রতীকী ছবি
নোয়াখালীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দলীয় স্লোগান ও দলীয় ব্যানার টাঙানোর ঘটনায় আওয়ামী লীগের পাঁচ কর্মীকে আটক করেছে সুধারাম থানা পুলিশ।এদিকে দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগ কার্যালয় খোলায় পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
বুধবার সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নেতৃত্বে তালা ভেঙে ভেতরে প্রবেশ, বিভিন্ন স্লোগান ও দলীয় কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সংবাদে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ জনকে আটক করা হয়।
কার্যালয় দখলের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ আসনে নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে জানার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. সফিকুল ইসলাম নাজিম (৪৩), মো. কাউছার হামিদ (৩৮), মো. জিয়াউল রহমান রাসেল (৪৮), মো. আবু সাঈদ (৫৫), বিদ্যুৎ রঞ্জন পালকে (৪৯) আটক করা হয়। ঘটনার পর আওয়ামী লীগের কার্যালয়ে আরেকটি তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
এদিকে দিনাজপুরের পার্বতীপুরে বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসটি জয়বাংলা স্লোগান দিয়ে সংঘবদ্ধ লোকজন ও পুরোনো কিছু আওয়ামী লীগ নেতাকর্মী দখল করে নেয় এবং কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় নানা স্লোগানে তারা অফিস ও তার আশপাশ প্রকম্পিত করে তোলে। মিষ্টি বিতরণ করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তারা হলেন- ডা. সাজ্জাদ হোসেন, লাজী বোর্ডিংয়ের মালিক আক্তার হোসেন, গৌরাঙ্গ কুমার রায় ও বাবলু মিয়া।
পার্বতীপুর মডেল থানার ওসি ফারুক আহমেদ জানান, আমরা অসংলগ্ন উন্মাদনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছি। তাদের কোর্টে পাঠানো হবে।