প্রতীকী ছবি
চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের শিবপুর গ্রামে ধনাগোদা বেড়িবাঁধের ওপর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান। এর আগে সোমবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণীর নাম শাকিলা আক্তার (২৬)। তিনি মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের রঙ্গু খা কান্দি বেপারি বাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। পরে পিবিআই টিম এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিহতের পরিচয় শনাক্ত করে।
নিহতের বাবা আব্দুস সাত্তার জানান, তার মেয়ে নার্সিংয়ে পড়াশোনার পাশাপাশি একটি ক্লিনিকে চাকরি করতেন। নির্বাচনে ভোট দিতে বাড়িতে এসেছিলেন। পরে রোববার নারায়ণগঞ্জে ফেরার উদ্দেশে রওনা দিলে পরদিন তার মরদেহ পাওয়ার খবর পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ইতোমধ্যে বিষয়টি জিডি মূলে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।