ভারতে থেকে দেশে ফিরেছেন সেই সমন্বয়ক মাহদী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ভারতে গিয়ে পুলিশি হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলে দেশে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াদিল্লি থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান দাবি করেন, সেখানে তাঁকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘আমার সঙ্গে এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, যা দেশে ফিরে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব। দিল্লি বিমানবন্দরে পুলিশ আমার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করেছে এবং আমাকে জেলেও দিতে চেয়েছিল। তারা আমার ফোন চেক করেছে। আমি দেশে ফিরে এ বিষয়ে পদক্ষেপ নেব।’

ইমিগ্রেশন শেষে দ্রুত ফ্লাইটে ওঠার সুযোগ পাওয়ায় তিনি নিজেকে নিরাপদ মনে করছেন বলেও লাইভে উল্লেখ করেন। তবে কেন তিনি দিল্লি গিয়েছিলেন, তা লাইভে স্পষ্ট না করলেও সংগঠন সূত্রে জানা গেছে, ইউরোপের একটি দেশের ভিসা প্রক্রিয়ার কাজে তিনি ভারতে গিয়েছিলেন।

মাহদী হাসানের দেশে ফেরার বিষয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরিন জানান, বিকেলে তার ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে এবং তিনি স্বাভাবিক নিয়মেই বিমানবন্দর ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, গত জানুয়ারির শুরুতে হবিগঞ্জে এক সভায় ‘থানা পুড়িয়ে দেওয়া’ সংক্রান্ত বিতর্কিত বক্তব্যের জেরে আলোচনায় আসেন মাহদী হাসান। ওই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে এক দিন পরই আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

  • মাহদী হাসান
  • সমন্বয়ক
  • #