কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে আরও পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। গত মঙ্গলবার রাতে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে একটি ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
আটক জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার প্রয়াত সৈয়দ আলমের ছেলে শাহ আলম, প্রয়াত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, প্রয়াত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস, আবদুল মজিদের ছেলে আবদুল সাহেদ ও প্রয়াত মো. হোসেনের ছেলে মো. ইউনুস।
বিজিবি সূত্রে জানা গেছে, নাফ নদ ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বর্তমানে দুই শতাধিক জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। তাদের মধ্যে প্রথম দফায় গত সোমবার ৭৩ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়। বাকিদের মুক্তির জন্য সীমান্ত ও কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চলছে। এর মধ্যে আবার পাঁচ বাংলাদেশিকে আটক করল আরাকান আর্মি। সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তিতে জেলে পরিবারের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ জানান, সেন্ট মার্টিনসংলগ্ন সাগরে মাছ ধরার পর জেলেরা ট্রলারটি নোঙর করে নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ স্পিডবোটে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়।
বুধবার চট্টগ্রাম জোন কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে।