রমজান উপলক্ষে প্রতিকেজি খাসির মাংস ১১০০-১২০০ টাকা, গরুর মাংস ৭৪০-৭৫০ টাকা নির্ধারণ করলো খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। ডিম প্রতি হালি ৩৮-৪৪ টাকা ও বয়লায় মুরগির কেজি ১৮০ টাকা খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ মূল্য নির্ধারণের কথা জানানো হয়। বুধবার বিকালে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) শহীদ আলতাফ মিলনায়তনে এ সভা হয়। সভায় বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ সভাপতিত্ব করেন।
সভায় প্রশাসক বলেন, পবিত্র রমজান ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এই মাসে খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের সংযমী হতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, অন্য মাসের তুলনায় রমজানে কম লাভ করলে সওয়াব বেশি পাওয়া যাবে। প্রতিটি দোকানে নির্দিষ্ট স্থানে প্রতিদিনের মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়ের ফাঁকা রশিদ সংরক্ষণ করতে হবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব অনুধাবন করে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অনুরোধ করেন।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কেসিসির সচিব আরিফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের (এডিসি দক্ষিণ) অমিত বর্মন, কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্টেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।