এইচআরসিপি’র রিপোর্ট : পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে হত্যা করেছে পুলিশ

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিগত আট মাসে ৯২৪ জনকে হত্যা করেছে দেশটির পুলিশ। এসব হত্যাকাণ্ড গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত চালানো হয়েছে। পাকিস্তানের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান (এইচআরসিপি) বিস্ফোরক এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এইচআরসিপি তাদের প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলেছে, পাঞ্জাবের সিসিডি আইন ও সংবিধান লঙ্ঘন করে পরিকল্পিতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে।

রিপোর্টে বলা হয়েছে, বড় ও সংগঠিত অপরাধ দমনের জন্য ২০২৫ সালের এপ্রিলে পাঞ্জাবে গঠন করা হয় ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট (সিসিডি)। এরপর থেকেই এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সিসিডি গঠন করার পর অন্তত ৬৭০টি ‘এনকাউন্টার’-এ ৯২৪ জন সন্দেহভাজন নিহত হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের অধীনে সিসিডি গঠন করা হয়েছে। মরিয়ম তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং বর্তমান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাইঝি।

  • পাকিস্তান
  • পাঞ্জাব
  • পুলিশ
  • হত্যা
  • #