চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম এবং তার সহযোগী আবুল কামাল আজাদকে দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগজিন, ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার ইকরাম অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত সরোয়ার বাবলার অনুসারী ছিলেন বলে জানিয়েছে র্যাব-৭।
গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালায় র্যাব। এ সময় ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগী আবুল কালাম আজাদকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, নাশকতাসহ জেলা ও নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়।
র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, মঙ্গলবার র্যাবের একটি আভিযানিক দল নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর, বায়েজিদ লিঙ্ক রোড এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি আরও জানান, ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা, সন্ত্রাসী ম্যাক্সন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী।
ইমতিয়াজ সুলতান এক সময় রিচ কিডস নামে একটি আলোচিত কিশোর গ্যাং পরিচালনা করতেন। দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানকালে এবং দেশে আসা-যাওয়ার সময় তিনি বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ ইন্টারনেট কল এবং বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার হওয়ার অপর ব্যক্তি আবুল কালাম আজাদ ইমতিয়াজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত গাড়িচালক। তিনি চাঁদার অর্থ উত্তোলনে সহায়তা করতেন।
র্যাব আরও জানায়, গত ৫ নভেম্বর চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলাকালে অতর্কিত অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা। অপরাধ জগতের অন্যতম পরিচিত মুখ ইকরাম ছিল তার অনুসারী। আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।