গ্রেপ্তারের দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কারাগার থেকে মুক্তি পান তিনি। এদিন তার জামিন মঞ্জুর করে ঠাকুরগাঁওয়ের একটি আদালত।
২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম। একই মামলায় তার ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এখনও দিনাজপুর কারাগারেই আছেন।
দবিরুলের ভাই বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন কারাবন্দি থাকায় আমার ভাই দবিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, কারাগারে চিকিৎসার অভাবে দবিরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার হাঁটাচলা করার শক্তিটুকুও নেই।
৭ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগারেই অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।