নোয়াখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, দিনাজপুরে ট্রাকচাপয়ায় নিহত ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে, দিনাজপুরের বিরামপুর উপজেলা শহরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও তিনজন আহত হন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, দিনাজপুরের বিরামপুর উপজেলা শহরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিরামপুর শহরের টিঅ্যান্ডটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের তাইজুল ইসলামের ছেলে ইজারুল ইসলাম বাপ্পী (২৬) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব হাসান (২৪)।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বীর শ্বশুরবাড়ি ফুলবাড়ী উপজেলায়। সেখান থেকে মোটরসাইকেলে সজীবকে নিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। মোটরসাইকেলটি টিঅ্যান্ডটি মোড়ে পৌঁছালে একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাদের চাপা দেওয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, নিহত দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সড়ক আইনে থানায় মামলা হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

  • ট্রাক
  • নিহত
  • নোয়াখালী
  • #