দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু

: বিশ্বপরিস্তিতি ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মাথায় প্রায় দুই মাস বন্ধ থাকা ভারতের দিল্লিতে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

এর আগে ভারতের পক্ষ থেকেও জানানো হয়েছিল, তারা শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হয়েছিল।

ঢাকায় দুটি পত্রিকা অফিসে হামলা এবং চট্টগ্রামে ভারতীয় মিশনের সামনে বিক্ষোভের পর ২১ ডিসেম্বর চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলায় ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। নির্বাচনের পর মোদি তারেক রহমানকে অভিনন্দন জানান, পরে টেলিফোনে শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছিলেন, ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।

  • চালু
  • দিল্লি
  • ভিসা
  • সেবা
  • #