পাবনায় সংঘর্ষে বৃদ্ধ নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত আব্দুল গফুর (৭০) ওই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বিকালে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, খয়েরবাড়িয়া গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিনের সঙ্গে আব্দুল গফুরের ছেলে আলমের দীর্ঘ দিন ধরে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। বিকালে ওই বিরোধের জের ধরে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ইট ও লাঠির আঘাতে আব্দুল গফুরসহ ছয়জন আহত হন। গুরুতর অবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আব্দুল গফুর মারা যান। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি রফিকুল বলেন, মূলত আলম ও ময়েনের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষ হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। মামলা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

  • নিহত
  • পাবনা
  • বৃদ্ধ
  • সংঘংর্ষ
  • সাঁথিয়া
  • #