প্রতীকী ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জে তারাবির নামাজে যাওয়ার পথে হাতুড়িপেটায় মোস্তফা কামাল (৪৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত মোস্তফা কামাল উপজেলার কাজিরহাট থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
এর আগে বুধবার রাত সাড়ে আটটার দিকে তারাবি নামাজ আদায়ের জন্য পার্শ্ববর্তী বাজারের মসজিদে যাওয়ার পথে তাকে হাতুড়ি পেটা করা হয়। এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং সাতজন অজ্ঞাতপরিচয়সহ মোট ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী আঁখি বেগম।
নিহতের স্ত্রী আঁখি বেগম জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে নিহত মোস্তফা কামালের সঙ্গে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে তারা মোস্তফা কামালের ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মাথা এবং হাতসহ তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে মৃত্যু হয় তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল হাসান জানান, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি নান্নু রাঢ়ী, কাশেম রাঢ়ী, জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদারকে রাতেই গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।