প্রতীকী ছবি
বগুড়ার নন্দীগ্রামে তারাবির নামাজ শেষে মসজিদের সামনে মিলন রহমান (১৬) নামে এক ছেলেকে ছুরিকাঘাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন রহমান ওই গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ফুটবল খেলা নিয়ে নন্দীগ্রামের বীরপলি গ্রামের শামিম নামে এক যুবকের সঙ্গে বুড়ইল গ্রামের নবীর শেখের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার শামিম বীরপলি গ্রাম থেকে বুড়ইল গ্রামে শ্বশুরবাড়িতে আসার পথে নবীর শেখ তাকে মারধর করেন। এরপর শামিম ও তার পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে বুড়ইল গ্রামে এসে নবীর শেখকে খুঁজতে থাকেন। নবীরকে না পেয়ে তার পক্ষের মিলন রহমানকে সামনে পান তারা। মিলন তখন তারাবির নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়িয়েছিল। এ সময় শামিম ও তার বাবা শাহীনসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় এসে মিলনের ওপর অতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাসখানেক আগে ফুটবল খেলা নিয়ে বাগ্বিতণ্ডার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।