বরিশালে স্কুলছাত্রকে লাথি মেরে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বরিশালের হিজলায় স্কুল ছাত্রকে লাথি মেরে হত্যা করেছে তার প্রতিবেশী এক যুবক। পরে লাশ খালে ফেলে দেয়। হিজলা উপজেলার চরবিশোর গ্রামে থেকে শুক্রবার সকালে লাশ উদ্ধারের পর স্থানীয়রা হত্যাকারীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে বলে বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানিয়েছেন।

নিহত ১২ বছর বয়সী আরিফ রাঢ়ী উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মোশারফ বয়াতি (২৬) প্রতিবেশী শাহজালাল বয়াতির ছেলে।

মোশারফের বরাতে সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না বলেন, বৃহস্পতিবার এশার নামাজের আগে মোশারফের ঘরে যায় আরিফ। তখন মোশারেফকে খাটে শোয়া দেখে আরিফ তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য উঠতে বলে। কিন্তু মোশারফ উঠতে না চাইলে আরিফ তাকে একটি চড় দেয়। এ সময় মোশারফ রেগে আরিফের বুকের ওপর লাথি দেয়। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়েছে। পরে মোশারফ তার লাশ বাড়ির পাশে খালে ফেলে দেয়।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে আরিফের লাশ খালের পাড়ে পড়ে থাকতে দেখেন স্বজনরা। তারা আরিফকে হত্যার ঘটনায় মোশারফ জড়িত সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। তখন মোশারফ তাকে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে। আর আরিফের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে এএসপি বান্না জানিয়েছেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন, মোশারফের মাকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলায় তাকে আসামি করা হলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে।

  • বরিশাল
  • স্কুলছাত্র
  • হত্যা
  • #