ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের মিছিল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে তাদের মিছিল করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় তারা ‘শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখলে নিলাম’-সহ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে কয়েকজনকে কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা দাবি করেন, নিষিদ্ধ ঘোষণার পরও কীভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে প্রকাশ্যে মিছিল করলেন, তা খতিয়ে দেখা উচিত। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম আহমেদ বলেন, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ।তারা কীভাবে কার্যালয়ে অবস্থান করেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  • কুমিল্লা
  • ছাত্রলীগ-যুবলীগ
  • ব্রাহ্মণপাড়ায
  • মিছিল
  • #