চাঁদা না পেয়ে দুই ব্যবসায়ীর ডাব নিয়ে যাওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

সাভারে চাঁদার টাকা দাবি করে না পেয়ে ফুটপাতের দুই ডাব বিক্রেতার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাবুর বিরুদ্ধে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এর আগের দিন বৃহস্পতিবার সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনি এলাকার ফুটপাতের চা-দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থানীয় প্রভাবশালীদের প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। জাতীয় নির্বাচনের পর ওই চাঁদা নিয়ন্ত্রণে নিতে আরমান হোসেন বাবু সক্রিয় হয়ে ওঠেন।

ডাব বিক্রেতা নুর আলম জানান, ১৯ ফেব্রুয়ারি সকালে ফুটওভার ব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসেন তিনি। বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল এসে তার কাছে চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয় এবং প্রায় ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি নিয়ে যাওয়া হয়।

একই অভিযোগ করেন আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনি। তিনি বলেন, চাঁদা না দেওয়ায় তাকেও হুমকি দেওয়া হয় এবং তার মালামাল নিয়ে যাওয়া হয়।

স্থানীয় একাধিক ব্যবসায়ীর দাবি, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর আস্থাভাজন পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও রয়েছে বলে তারা জানান।

অভিযোগের বিষয়ে কথা বলতে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : ইত্তেফাক

 

  • অভিযোগ
  • চাঁদা
  • ডাব
  • সাবেক ছাত্রদল নেতা
  • #