রায়েরবাজারে গ্যাসের আগুনে শিশুসহ দগ্ধ ৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ঢাকার রায়েরবাজার এলাকার একটি বাসায় ‘গ্যাস লাইন লিকেজ থেকে’ আগুনে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মো. রোমান (৪০), তার স্ত্রী পিংকি (৩৫), এই দম্পতির সন্তান মায়ান (৩) ও পিংকির ভাই অপু (২২)।

সোমবার ভোর পৌনে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

শাওন বিন রহমান বলেন, রোমানের শরীরের ২৫ শতাংশ, পিংকির ৭৫ শতাংশ, মায়ানের ২৪ শতাংশ ও অপু ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

জানা গেছে, রায়েরবাজার এলাকার একটি ছয় তলার ভবনের নিচতলায় ভাড়া বাসায় বসবাস করে পরিবারটি। রাত পৌনে ৪টার দিকে হঠাৎ আগুন লেগে বাসায় থাকা চারজনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোমানের গ্রামের বাড়ি নেত্রকোণার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়।

  • দগ্ধ
  • রায়েরবাজার
  • শিশু
  • #