গোপালগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও অন্য ১০ জন আহত হয়েছে। নিহতের নাম নিলু মুন্সী (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে। উভয় গ্রুপই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার হোসেন মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমণ করে। এতে নূর ইসলাম আহত হন। এ ঘটনার জেরে নূর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১১ জন আহত হন। প্রথমে আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), স্ত্রী রূপা বেগম (৪০), তার অপর আহত ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সী (৪০)কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্য পক্ষের নূর ইসলামকে (৩৩) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের মুকসুদপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে।

 

  • আহত
  • গোপালগঞ্জ
  • নিহত
  • সংঘংর্ষ
  • #