অন্তর্বর্তীর ঋণের বোঝা নতুন সরকারের কাঁধে

: ইমামুল ইসলাম
প্রকাশ: ৪ ঘন্টা আগে

** ঋণ স্থিতি বেড়েছে ২ লাখ ৬০ হাজার ২৫৭ কোটি টাকা * অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ ঋণ গ্রহণ ** ঋণ ব্যবস্থাপনার কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ার শঙ্কা

বড় এবং দৃশ্যমান কোনো উন্নয়ন না করেও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঋণ প্রবণতার লাগাম টেনে ধরতে পারেনি। অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশের ঋণের পরিমাণ বেড়েছে ২ লাখ ৬০ হাজার ২৫৭ কোটি টাকা। এসব বোঝা নতুন নির্বাচিত সরকারের কাঁধে পড়বে এবং এ সরকারকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে।

অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ ডেবট বা ঋণ বুলেটিন অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশি-বিদেশি মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২১ লাখ ৪৯ হাজার ৪৪ কোটি টাকা। এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে- অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই এক অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, নতুন নির্বাচিত সরকারের কাঁধে এত বিপুল পরিমাণ ঋণ ব্যবস্থাপনা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। এক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘমেয়াদে ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে কিনা সেই শঙ্কাও তৈরি হয়েছে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় দেশের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ২ লাখ কোটি টাকা। ২০২৪ সালের ৫ আগস্ট আগের সরকারের পতনের আগে, ওই বছরের ৩০ জুন পর্যন্ত মোট ঋণ দাঁড়িয়েছিল ১৮ লাখ ৮৮ হাজার ৭৮৭ কোটি টাকা।

এছাড়া নির্বাচনের আগে ব্যাংকব্যবস্থা থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের নিট ব্যাংকঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭১ হাজার ৩৪৯ কোটি টাকা। এর আগে ৪ জানুয়ারি এই ঋণের পরিমাণ ছিল প্রায় ৬০ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে ব্যাংকঋণ বেড়েছে ১১ হাজার কোটিরও বেশি।

সূত্র বলছ , ইউনূস সরকারের সময় গত ১৮ মাসে ব্যাংকব্যবস্থা থেকে মোট ৭৭ হাজার ৯০৯ কোটি টাকা নিট ঋণ নেওয়া হয়েছে।

সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিশ্বব্যাংক, আইএমএফসহ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের বেশি ঋণ নেওয়া হয়েছে। সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য বাজেট সহায়তা হিসেবে এ অর্থ পেয়েছে বাংলাদেশ। এটি সে সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ভূমিকা রেখেছে। তাছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া বাবদ আড়াই বিলিয়ন ডলারের বেশি অর্থ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এসব কারণে সরকারকে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নিতে হয়েছে।

এরই মধ্যে যেসব ঋণ নেওয়া হয়েছে সেগুলোর বিপরীতে সুদ পরিশোধ করতে গিয়ে চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৩৪ হাজার ৪৩০ কোটি টাকার সুদ পরিশোধ করতে হয়েছে, যা আলোচ্য অর্থবছরে মোট সরকারি ব্যয়ের ২১ শতাংশের বেশি। চলতি অর্থবছরে সুদ বাবদ সরকারের ব্যয় আরো বাড়বে।

প্রতিবেদন থেকে ঋণ পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ ঋণের চেয়ে বৈদেশিক উৎস থেকে বেশি ঋণ নিয়েছে। এই সময়ে আইএমএফ এর ঋণের কিস্তির অর্থ পাওয়ার পাশাপাশি বিভিন্ন উৎস বাজেট সাপোর্ট নিয়েছে। গত অর্থবছর সরকার ৩.৪৪ বিলিয়ন ডলার বাজেট সাপোর্ট পেয়েছে, আগের অর্থবছর এর পরিমাণ ছিল ২ বিলিয়ন ডলার। বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধিতে ইউনূস সরকারের ১৫ মাসে বৈদেশিক উৎস থেকে ঋণের পরিমাণ ৮.১২ লাখ কোটি টাকা থেকে বেড়ে ৯.৫১ লাখ কোটি টাকায় উন্নীত হয়েছে।

অন্তর্বর্তী সরকার থেকে পাওয়া ঋণের বোঝা, সেটি পরিশোধ করাই চ্যালেঞ্জের বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদদের মতে, ধার করে বিশ্বের কোনো সরকারের পক্ষেই বেশিদিন চলা সম্ভব নয়। এরই মধ্যে নতুন সরকারের কাঁধে যে ঋণের বোঝা চেপেছে, সেটি অনেক বড়।

অর্থনীতিবিদ ও বিভিন্ন খাতসংশ্লিষ্টরা বলছেন, এখন উন্নয়ন প্রকল্প নয়, বরং ঋণের সুদ পরিশোধ ও সরকারের পরিচালন ব্যয় মেটানোর জন্য ঋণ নিতে হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে ঋণের এ স্থিতি বাড়তে থাকবে এবং ঋণের মূল ও সুদ পরিশোধে নতুন যেকোনো সরকারকেই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়া হলে বেসরকারি খাতে ঋণপ্রবাহে চাপ তৈরি হতে পারে। অনেক বকেয়া দায় অন্তর্বর্তী সরকার পরিশোধ করলেও বিদ্যুৎ বিলের বকেয়া, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা পরিশোধ করাসহ নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের জন্য রেখে গেছে, যা নির্বাচিত বর্তমান সরকারের জন্য অতিরিক্ত বোঝার কারণ হয়ে দাঁড়াবে।

বিশ্লেষকরা বলেছেন, ফ্যামিলি কার্ড চালু করা, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বিবেচনা করাসহ নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে বিএনপিকে আগামী ১০০ দিনের মধ্যেই নতুন বাজেট ঘোষণা করতে হবে। এরই মধ্যে সরকার আগামী ঈদের আগে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। আগামী অর্থবছর রাজস্ব আহরণের অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন কারা না গেলে বাজেটের হিসাব মেলানো কঠিন হয়ে পড়বে।

অন্তর্বর্তী সরকার আগের চেয়ে ঋণ পরিস্থিতি আরও বেশি নাজুক করে রেখে গেছে বলে মন্তব্য করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, তার চেয়েও তা আরও নাজুক অবস্থায় রেখে গেছে। অন্তর্বর্তী সরকার বন্দরসহ যে সব বৈদেশিক চুক্তি করেছে তা পুনর্বিবেচনা করা দরকার। নতুন সরকারের টাকা ছাপানোর চিন্তা স্বপ্নেও করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।

 

  • অন্তর্বর্তী
  • ঋণ
  • বোঝা
  • #