নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

নড়াইল সদরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চার জন নিহত হয়েছেন।সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি ওলি মিয়া।

সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৫৫), তার ছেলে তাহাজ্জদ শেখ (৩৫), ফেরদৌস (৩৩) ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসিবুর মিয়া (৬৫)।

নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।এ ঘটনার জের ধরে সোমবার সেহেরির সময় খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়।হামলায় এক পক্ষের বাবা, ছেলে ও ভাতিজা নিহত হয়েছে। প্রতিপক্ষের একজনকে হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

ওসি ওলি মিয়া বলেন, এ ঘটনায় আরও পাঁচ-ছয় জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান তিনি।

  • আধিপত্য
  • নড়াইল
  • নিহত
  • হামলা
  • #