মোহাম্মদপুরে সমন্বয়ককে কুপিয়ে জখম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

রাজধানীর মোহাম্মদপুরে ইব্রাহিম নামে এক সমন্বয়ককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে (নিটোর) ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রবিবার (২২ ফেব্রুয়ারি) তারাবির নামাজের পর ইব্রাহিম ও তার বন্ধুরা মিলে স্থানীয় একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় চড়ে আসা ৩-৪ জন দুর্বৃত্ত অতর্কিতে ইব্রাহিমকে লক্ষ্য করে হামলা চালায়। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। উপস্থিত লোকজন তাদের ধাওয়া দিলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার পুলিশ বলছে, ওই এলাকার একটি আওয়ামী লীগ অফিস বা এর সামনের জায়গায় দোকান বসানো নিয়ে দ্বন্দ্বে হামলার এ ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

অপরদিকে আহতের বন্ধু ও স্বজনদের দাবি, জুলাই আন্দোলনের মামলার সাক্ষী ইব্রাহীম। এসব কারণে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। জুলাই আন্দোলন থেকে সৃষ্ট শত্রুতার কারণে তাকে কোপানো হয়েছে। হামলার সময় ইব্রাহীমের সঙ্গে ছিলেন আরিফ আহমেদ নামে এক স্কুল শিক্ষক। তিনি আহত ইব্রাহীমকে পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, তারাহবির নামাজের পর ময়ুর ভিলার সামনে একটি দোকানে চা পান করতে বসেছিলাম দুজন মিলে। এসময় চারজন এসে এলোপাতাড়ি কোপানো শুরু করে। চারজনেরই মুখে গামছা বাঁধা ছিল। তার হাতে গুরুতর আঘাত লেগেছে, মাথাতেও আঘাত আছে। তার প্রচুর রক্ত গেছে।

তবে পুলিশ বলছে ভিন্ন কথা। ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়ুর ভিলা এলাকায় একটি পরিত্যাক্ত আওয়ামী লীগ অফিস বা এর সামনের জায়গায় দোকান বসানো নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব থেকে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা কুপিয়েছে তা এখনো জানা যায়নি।

 

  • জখম
  • মোহাম্মদপুর
  • সমন্বয়ক
  • #