নদীতে মাছধরার প্লাস্টিকের বাক্সে মিলল ৫০ গুলি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরতে নেমে দুই শিশু একটি প্লাস্টিকের পরিত্যক্ত বাক্স কুড়িয়ে পায়; যার ভেতর থেকে ৫০টি গুলি পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার কাঁটাপুকুরিয়া এলাকার দুই শিশু গুলির বাক্সটি উদ্ধার করে বলে জানান সিংড়া থানার ওসি আসম আব্দুন নূর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাগর নদীতে মাছ ধরার সময় স্থানীয় জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭) একটি নীল রঙ্গের প্লাস্টিকের বাক্স কুড়িয়ে পেয়ে বাড়িতে নিয়ে যায়। তাদের মা মরিয়ম বেগম বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন। পরে পুলিশ বাক্সটি উদ্ধার করে নিয়ে যায়।

মরিয়ম বেগম বলেন, নদীর পানি কমে যাওয়ায় আমার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা একটি মাঝারি আকারের বাক্স নিয়ে বাড়িতে ফিরে আসে। কৌতূহলবশত আমি বাক্সটি খুলে ভেতরে গুলি দেখতে পাই। পরে বাক্সসহ গুলি পুলিশের কাছে হস্তান্তর করি।

ওসি আব্দুন নূর বলেন, প্লাস্টিকের বাক্সটি খুলে ৫০টি গুলি ও পিস্তলের ব্যারেল পরিষ্কার করা প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পাওয়া যায়। প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে সিবিসি-৩২ অটো লেখা রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এসব গুলি কোথা থেকে এল এবং কারা রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

  • গুলি
  • নাগর নদী
  • নাটোর
  • সিংড়া
  • #