ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিতে ঢাবির শিক্ষার্থীরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমসহ ‘হামলায়’ জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ তিনদফা দাবি জানিয়েছে। মঙ্গলবার বেলা একটার পর শুরু করা  এ কর্মসূচি বেলা আড়াইটা পর্যন্ত চলে। একই ঘটনায় এর আগে দুপুরের দিকে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গতকাল সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে। নাইমুদ্দীন কোনো অপরাধ করেননি, তবু তিনি হামলার শিকার হয়েছেন। রাস্তাঘাটে পুলিশ কাউকে বিনা কারণে মারবে—এ অধিকার কে তাদের দিয়েছে? মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? রাস্তা কি পুলিশের সম্পত্তি? ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচিতে শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাস এলাকার ভেতরে–বাইরে সব প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদ জানিয়ে দুপুরে রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক ও সদস্য সচিব অর্ক বড়ুয়া ঢাবি শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর আক্রমণের ঘটনায় ডিসি মাসুদকে অপসারণের দাবি জানিয়েছেন।

 

  • ঘেরাও
  • ডিসি মাসুদ
  • ঢাবি শিক্ষার্থী
  • শাহবাগ থানা
  • #