প্রতীকী ছবি
সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার বড় ভাই রুহুল আমিন (৩৪) গুরুতর আহত হন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), পিতা জামাল উদ্দিন (৬২) ও মাতা শাহানারা খাতুন (৫৫)।
নিহত ও আহত দুই ভাই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
নিহতের স্ত্রী মেঘলা খাতুন জানান, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে প্রতিবেশী জামাল উদ্দিনের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা রহমান জানান, হাসপাতালে আনার আগেই ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।