পুলিশের পোশাক বা ইউনিফর্মকে যারা দুর্নীতির মাধ্যমে কলুষিত করছেন, তাদের চিহ্নিত করে বাহিনী থেকে অপসারণ এবং বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার এক দীর্ঘ পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে পুলিশ সংস্কারের প্রশ্ন। তার বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন মহলে ব্যাপক সাড়াও ফেলেছে।
পোস্টে তিনি বলেছেন, ‘যে ইউনিফর্ম আমাদের সম্মানের প্রতীক, সেটিকে যারা কলুষিত করছে, তাদের স্থান বাহিনীতে নয়, বিচারালয়ে হওয়া উচিত।’
পোস্টে শামীম উল্লেখ করেন, নাগরিকবান্ধব রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো একটি পেশাদার, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী। প্রশাসনের অন্যান্য খাতে দুর্নীতি থাকলেও জনগণের সঙ্গে সরাসরি সবচেয়ে বেশি যোগাযোগ থাকায় পুলিশকে আগে সংস্কার করা জরুরি বলে তিনি মত দেন।
পোস্টে শামীম আরও বলেন, পেশাদার ও দুর্নীতিমুক্ত পুলিশই নাগরিকবান্ধব রাষ্ট্রের ভিত্তি। অসহায় মানুষের কাছ থেকে সামান্য ঘুষ নেওয়াও বড় দুর্নীতির চেয়ে বেশি নিন্দনীয়। দেশের অধিকাংশ মানুষ চরম বিপদের সময় পুলিশের দ্বারস্থ হন। কিন্তু সেবা নিতে গিয়ে যদি হয়রানি বা ঘুষের সম্মুখীন হতে হয়, তাহলে রাষ্ট্রের প্রতি সামগ্রিক অনাস্থা তৈরি হয়।
পুলিশি হয়রানি, মামলা গ্রহণে অনীহা, তদন্তে পক্ষপাত এবং রূঢ় আচরণের মতো অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব সমস্যার অন্যতম মূল কারণ অবৈধ আর্থিক লাভের প্রবণতা। দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে অন্যান্য অপেশাদার আচরণও কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।