পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১–এর এক প্রজ্ঞাপনে আলী হোসেন ফকিরকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২০ নভেম্বর আইজিপি বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী তার মেয়াদ ছিল আরও প্রায় ৯ মাস।