প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার, গণঅধিকার নেতা কারাগারে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সিলেটে প্রাইভেট কার থেকে পুলিশের ওয়াকিটকি-চায়নিজ কুড়ালসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে নগরীর বিমানবন্দর থানার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লিটন মিয়া ও জুনায়েদ আহমদ। তাদের মধ্যে লিটন মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার তৈমুরনগরের মৃত আব্দুল মালেকের ছেলে এবং উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক। আর জুনায়েদ একই উপজেলার কলাবাড়ী গ্রামের শৈইকুর রহমানের ছেলে।

জানা যায়, নগরীর বিমানবন্দর রোডে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে চেকপোস্টে একটি সাদা প্রাইভেট কারকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু, গাড়িটি সিগন্যাল অতিক্রম করে চলে যাওয়াতে পুলিশ গাড়িটিকে আটকে দেয়।

এ সময় গাড়ির ভেতরে তল্লাশি করে চায়নিজ কুড়াল ও পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। গাড়ির আরোহী লিটন ও জুনায়েদকে আটক করে পুলিশ। আজ তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির আলী জানান,  চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাইভেট কার থেকে চায়নিজ কুড়াল ও একটি ওয়াকিটকি পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তাই তাদের থানা হেফাজতে নেওয়া হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • উদ্ধার
  • ওয়াকিটকি
  • কারাগার
  • গণঅধিকার নেতা
  • চায়নিজ কুড়াল
  • #