মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার অভিযোগে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শিবালয় থানা পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র মানব।
গ্রেপ্তার সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভ (৪৫) উপজেলার উথলী ইউনিয়নের বেলতা গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
সেলফি পরিবহন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক মো. সবুর খান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে তাদের দেড় শতাধিক বাস নিয়মিত চলাচল করে। অনুরোধ করার পরও কোম্পানির নিয়োগ করা লাইনম্যানের সঙ্গে বাজে ব্যবহার করেছেন সুব্রত। সেইসঙ্গে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদাও তুলেছেন তিনি। পরে বাধ্য হয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
উথুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান সরকার বলেন, চাঁদাবাজির বিষয়টি পুলিশের মাধ্যমে জেনেছেন তিনি। এ ছাড়া সুব্রত তার কমিটির যুগ্ম আহ্বায়ক বলেও জানান তিনি। জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে তদন্তপূর্বক সুব্রতর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মনিরুজ্জামান।
বুধবার সকালে সুব্রত বিশ্বাসকে আদালতে তোলা হবে বলে জানান ওসি মনির হোসেন।