কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ : প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হাসনাবাদ হাউজিং এলাকায় মাদরাসার বিল্ডিংয়ে বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ওই মাদরাসার পরিচালক ও প্রধান আসামি আল আমিনকে ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত এই আদেশ দিয়েছেন। ঢাকা জেলার পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সন্ধ্যায় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আসামি জিজ্ঞেসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে বলা হয়, গত বছরের ২৬ ডিসেম্বর সকাল ১০ টা ২৫ মিনিটের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে বিকট শব্দে কক্ষের চারদিকের দেয়াল, ছাদের কিছু অংশ ভেঙে বিধ্বস্ত হয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

পরবর্তীতে এই ঘটনার সংবাদ পেশে সিআইডি ক্রাইম সিন ইউনিটের ইন্সপেক্টর সাইফুর রহমান এবং এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এন্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট, র্যাব, ফায়ার সার্ভিসসহ একাধিক টিম ঘটনাস্থলে হাজির হয় এবং তারা বিস্তর উদ্ধার অভিযান ও আলামত সংগ্রহের কাজ শুরু করে।

দীর্ঘ দুই দিনব্যাপী উদ্ধার অভিযান শেষে আলামত সংগ্রহকালে আল-আমিনের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণে বোমা বানানোর সরঞ্জাম, হাইড্রোজেন পার-অক্সাইড, এসিটোন, নাইট্রিক এসিড, সাদা রংয়ের পাউডারসহ একাধিক ক্যামিক্যালের জারকিন এবং কালো প্লাস্টিকে মোড়ানো ৯ টি তাজা ককটেল উদ্ধার করেন সিআইডি ক্রাইম সিন ইউনিট।

এছাড়াও, সেখানে অভিযান চালিয়ে ৪০০ লিটার তরল রাসায়নিক ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের থানার উপপরিদর্শক মো. লিটন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

 

 

 

  • কেরানীগঞ্জ
  • প্রধান আসামি
  • বিস্ফোরণ
  • মাদরাসা
  • রিমান্ডে
  • #