প্রতীকী ছবি
তিন বন্ধু বাইক নিয়ে ঘুরতে বের হয়ে ট্রাকচাপায় লাশ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছে দুজন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মর্মান্তিক এ ঘটনা ঘটেছে গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মঞ্জুর আকন্দের ছেলে নৌশির আকন্দ (১৬) এবং একই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে মো. মিহাদ (১৬)। তারা দুজনই জিন্দা পার্কের ভেতরে অবস্থিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলের শিক্ষার্থী। নৌশির আসন্ন এসএসসি পরীক্ষার্থী এবং মিহাদ দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের ওপর চাপ সৃষ্টি করে গরু বিক্রির টাকায় সম্প্রতি টিভিএস ব্যান্ডের ‘অ্যাপাচি ৪ ভি’ মডেলের একটি মোটরসাইকেল কিনেন একই এলাকার মৃত আবুল কালামের ছেলে বাউন্ডেলে আজিজুল ইসলাম (১৭)। মঙ্গলবার বিকেলে ওই মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিল আজিজুল।
ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে কালীগঞ্জের উলুখোলা বাজারের দিকে যাওয়ার সময় গলান দর্জিবাড়ি এলাকায় পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় আজিজুল। এতে বাইকের পেছনে বসা অন্য দুজন সড়কে ছিটকে পড়ে। এসময় পেছনে আসা দ্রুতগতির ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. সোহেল রানা জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল চালক আজিজুল অক্ষত রয়েছে।