প্রতীকী ছবি
বগুড়ার দুপচাঁচিয়ায় ধানক্ষেত থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া এলাকার একটি ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের ওই ভ্যানচালকের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোজাম উদ্দিন শাহ দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে।
জানা গেছে, আজ সকাল ৭টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনতাই করার জন্যই মোজাম উদ্দিনকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার ভ্যানটির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।