এজলাসে ভাঙচুর ও বিশৃঙ্খলা, বরিশালে বিএনপিপন্থি আইনজীবী নেতা গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

এজলাস ভাঙচুর ও হামলার অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাইদুর রহমান লিংকনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করেছে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ। আজ বুধবার বেলা ১২টার দিকে নিজ চেম্বার থেকে তার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুরকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার আদালত বর্জনের একপর্যায়ে বিকেলে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে ঢুকে এজলাস ভাঙচুর করে কিছু বিএনপিপন্থি আইনজীবী। আদালতের ভিডিও ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি লিংকনকেও দেখা গেছে।

ওই ঘটনায় লিংকনকে আটকের পর একই আদালতের বিচারক এস এম শরিয়তুল্লাহ তাকে তাৎক্ষণিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ আইনজীবী লিংকনকে আদালতের গারদখানায় রাখলে সেখানে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করতে থাকেন। বর্তমানে আদালত চত্বরে বিপুলসংখ্যক সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান করছেন। আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বাগ্‌বিতণ্ডা হতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

বর্তমানে পরিস্থিতি শান্ত আছে জানিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম বলেন, আইনজীবী নেতাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।

  • আইনজীবী
  • এজলাস
  • গ্রেপ্তার
  • বরিশাল
  • বিএনপিপন্থি
  • বিশৃঙ্খলা
  • ভাঙচুর
  • #