বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) মাস দুয়েক আগে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের তৈরি পোশাক কারখানার ৮৬ কোটি টাকার খেলাপি হওয়া ঋণ পুনঃতফশিল করেছিল।কেন্দ্রীয় ব্যাংকের খেলাপি ঋণ পুনঃতফশিলের নীতি সুবিধার আওতায় ২ শতাংশ এককালীন অর্থ পরিশোধের পর হেরা সোয়েটার্স লিমিটেডের ওই ঋণ নবায়ন করা হয়।
এ বিষয়ে জানেন এমটিবির শীর্ষ স্থানীয় এমন এক কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঋণ পুনঃতফশিলের এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন গভর্নর হিসেবে তৈরি পোশাক খাতের ব্যবসায়ী এবং হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোস্তাকুর রহমানের নাম আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঋণ খেলাপি হিসেবে তার নাম আলোচনায় আসে।
এরপর এ বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারে এমটিবি থেকে নেওয়া ঋণ যথাসময়ে পরিশোধ না করায় খেলাপি হয় তার কোম্পানি হেরা সোয়েটার্স।
বুধবার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মোস্তাকুরকে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের দায়িত্ব দেয় তারেক রহমানের বিএনপি সরকার। বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়। অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী ও এফসিএমএ করা মোস্তাকুর ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি।
এমটিবি ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১০ বছর মেয়াদে হেরা সোয়েটার্সের ওই ঋণ পুনঃতফসিল করা হয়; যা বেশ কিছু সময় ধরে যথাসময়ে পরিশোধ না করায় ‘মন্দ’ বা খেলাপির তালিকায় ছিল।
তারা বলেন, গত ডিসেম্বরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের সময় ৮৬ কোটি টাকার খেলাপি ঋণটি পুনঃতফশিল করা হয়।
এমটিবির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা এমন তথ্য দিয়ে বলেন, নিয়মিত ক্রয়াদেশ না পাওয়ায় রপ্তানি খাতের হেরা সোয়েটার্স ব্যাংকের টাকা দিতে পারছে না। তাদের সক্ষমতা আছে রপ্তানি বাড়ানোর। বাংলাদেশ ব্যাংক যে পলিসি সাপোর্ট দিয়েছে, সেই সার্কুলারের আলোকে তিনি পুনঃতফশিল করার আবেদন করেন। ২ শতাংশ এককালীন পরিশোধ করতে চান, তাতে পর্ষদ সম্মতি দেয়।
ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, কারখনার আকার বড় হলেও সে অনুযায়ী কাজ পাচ্ছিল না। যেকারণে যথাসময়ে ঋণের কিস্তি দিতে পারছিল না কোম্পানিটি। এতে সুদ ও আসলের পরিমাণ বেড়ে এটি এক পর্যায়ে খেলাপি হয়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণ পুনঃতফসিল করতে নীতি সহায়তা দিয়ে নতুন সার্কুলার দেয়। সেই আলোকে এমটিবির ঋণটি হেরা সোয়েটার্সের এমডি মোস্তাকুর রহমান নবায়ন করে নেন।
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসায় ও আর্থিক অবস্থা পুনর্গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গত সেপ্টেম্বরের নীতি সহায়তার আওতায় এটি পুনঃতফসিল করা হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওই সময়ে ডিসেম্বরের মাঝামাঝিতে হেরা সোয়েটার্সের ওই ঋণ পুনঃতফশিলের তথ্য দেন এমটিবির কর্মকর্তা।
বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের সেপ্টেম্বরে এবং নভেম্বরের ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে আগের চেয়ে ছাড় দিয়ে সার্কুলার করে।
নভেম্বরে দ্বিতীয় দফার সার্কুলারে আগের চেয়ে শর্ত আরও শিথিল করা হয়। এতে বলা হয়, ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি থাকা ঋণ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে, যেখানে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড রাখা যাবে।
এরপর গত ২২ ফেব্রুয়ারি এককালীন পরিশোধ ২ শতাংশের বদলে ১ শতাংশ পরিশোধ করে আবার ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। আর নবায়ন করার পরবর্তী ছয় মাসের মধ্যে আরও ১ শতাংশ অর্থ পরিশোধের জুড়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম