শিশুর মরদেহ উদ্ধার, বিচারের দা‌বিতে হাতিরঝিল থানার সামনে অবস্থান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে হাতিরঝিল থানার সামনে অবস্থান নিয়েছেন স্বজন ও স্থানীয়রা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিক্ষুব্ধরা থানার সামনে অবস্থান নেন।

হাতিরঝিল থানার এএসআই বাসুদেব বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে পশ্চিম উলন এলাকায় শাহজাহান সাহেবের বাড়ির নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে থেকে তাহেদী আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা দাবি করছেন এটি হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তারা থানার সামনে অবস্থান নিয়েছেন। স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে।

জানা গেছে, মৃত শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়তো। সে কুমিল্লা জেলার তিতাস উপজেলার আলীর গাঁও গ্রামের গার্মেন্টস কর্মী মো. লিটন মিয়ার মেয়ে। উলন এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো মেয়েটি। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় শিশুর স্বজনরা হত্যা মামলা দায়েরের দাবি জানিয়েছেন। পুলিশ তাদের দাবি অনুযায়ী মামলা নিচ্ছে। সুষ্ঠু তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ বের করা হবে।

  • উদ্ধার
  • মরদেহ
  • শিশু
  • হাতিরঝিল থানা
  • #