কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণে ৫০ স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত ৯

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কর্মীসহ ৯ জন আহত হয়েছেন। শহরের কলাতলী বাস টার্মিনাল বাইপাস সড়কে কক্সবাজার ফিলিং স্টেশন নামের একটি গ্যাস পাম্পে এ ঘটনা ঘটে।

রাত ৮টার দিকে প্রথমে পাম্পের গ্যাস লিকেজ হওয়ার পর দমকল বাহিনীর লোকজন গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় দফায় রাত ৯টার দিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। গ্যাস পাম্পের আগুন এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টা পর্যন্ত জ্বলছে। দমকল বাহিনীর ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিস্ফোরণের আগুনে পাম্পের আশেপাশের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

স্থানীয় প্রশাসন জানায়, গ্যাস ছড়িয়ে পড়া এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। আশপাশে আগুন না জ্বালাতে মাইকিং করা হচ্ছে। কক্সবাজার শহরের অন্যতম প্রবেশমুখ কলাতলী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে গ্যাস লিকেজ হলেও তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চলছে।

  • আহত
  • কক্সবাজার
  • গ্যাস পাম্প
  • বিস্ফোরণ
  • ভয়াবহ
  • #