অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে নেমেছে ৩.৪৯ শতাংশে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

* ২০১৯-২০ অর্থবছরে করোনা মহামারিতে ছিল ৩.৪৫ শতাংশ

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি টানা তৃতীয় বছরের মতো কমে ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৩.৪৯ শতাংশে নেমে এসেছে, যা করোনা-পরবর্তী পুনরুদ্ধার সময়ের মধ্যে সর্বনিম্ন। আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের ওয়েবসাইটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। চূড়ান্ত প্রাক্কলন অনুসারে, গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার সাময়িক হিসাবের চেয়ে ৪৮ বেসিস পয়েন্ট কম।

গত কয়েক বছরের প্রবণতা লক্ষ করলে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭.১০ শতাংশ। এরপর ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫.৭৮ শতাংশ ও ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে ৪.২২ শতাংশে দাঁড়ায়। সর্বশেষ এই প্রাক্কলন গত তিন বছর ধরে প্রবৃদ্ধির ধারাবাহিক মন্দাভাবেরই ইঙ্গিত দিচ্ছে।
এর আগে ২০১৯-২০ অর্থবছরে করোনা মহামারির চরম সময়ে প্রবৃদ্ধির হার ৩.৪৫ শতাংশে নেমে এসেছিল।

২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী, দেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৪৫৬ বিলিয়ন ডলারে। টানা দুই বছর কমার পর মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ ডলারে উন্নীত হয়েছে।

খাতভিত্তিক তথ্য বলছে, গত অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধি ধীর হয়েছে। তবে একই সময়ে শিল্প খাতে বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

 

  • অর্থনৈতিক
  • প্রবৃদ্ধি
  • হার
  • #