প্রতীকী ছবি
মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সাজা খেটেছেন মাসুদুর রহমান। সাজা শেষে গতকাল বুধবার বাংলাদেশে ফেরত পাঠালে বিমানবন্দর পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ রিমান্ড মঞ্জুর করেছেন। মাসুদুর রহমান (৩০) ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর থানার কাঁঠালকান্দি এলাকার হাবিবুর রহমানের ছেলে।
আসামিকে আদালতে হাজির করে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশীদ রিমান্ডের পক্ষে শুনানি করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি বাংলাদেশের কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত কি না; কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করেন কি না; জঙ্গি কার্যক্রমের অর্থের জোগানদাতা কে বা কারা; বাংলাদেশে তাঁদের অস্তিত্ব আছে কি না এবং আন্তর্জাতিক নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত আছেন কি না, তা জানার জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডের প্রয়োজন।
মালয়েশিয়ার আদালতে আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। সাজা শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সে জন্য আসামিকে জিডি মূলে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।