মৌলভীবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

মৌলভীবাজারের রাজনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারেক (২২) নামের এক তরুণ মারা গেছেন। তারেক রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজনগর উপজেলার ঘরগাও গ্রামের খোলা মাঠে কয়েকজন তরুণ ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে বোলিং নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কথা–কাটাকাটির একপর্যায়ে আতিক মিয়া (২২) নামের এক তরুণ ধারালো ছুরি দিয়ে তারেককে এলোপাতাড়ি আঘাত করলে তিনি (তারেক) মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন আহত তারেককে দ্রুত উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আতিক একই গ্রামের (ঘরগাঁও) মৃত শফিক মিয়ার ছেলে। ঘটনার পর থেকে আতিক পলাতক।

রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইফতারের পূর্বে ক্রিকেট খেলা নিয়ে আতিক ও তারেকের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। হাসপাতালে নেওয়ার পথে তারেক মারা গেছেন। লাশ হাসপাতালে আছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

  • ছুরিকাঘাত
  • তরুণ
  • নিহত
  • প্রতিপক্ষ
  • মৌলভীবাজার
  • #