রাজশাহীতে মায়ের সামনে ছুরিকাঘাতে যুবককে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজশাহীতে দিনদুপুরে মায়ের সামনে ছুরিকাঘাত করে মো. সাব্বির নামের এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর শাহমখদুম থানার পবা রাইসমিল পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত সাব্বির এই এলাকার মো. শাহিনের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জাসন মাদকাসক্ত। সাব্বিরকে হত্যার পর জাসন পালিয়েছেন।

স্থানীয়রা জানান, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেন। এই জমি কেনার কারণেই জাসন ক্ষুব্ধ ছিলেন সাব্বিরের পরিবারের ওপর। ক্ষোভে মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। এ নিয়ে বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরের মা বুলবুলির সঙ্গে প্রতিবেশী জাসনের মা শিরিনের ঝগড়া চলছিল। ওই সময় সাব্বির নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এ সময় জাসন ছাদ থেকে নেমে তার বুকে ছুরিকাঘাত করেন।

সাব্বিরের খালা তামান্না জানান, মায়ের সামনেই সাব্বিরের বুকে ছুরিকাঘাত করে জাসন ছুরি ঘুরাচ্ছিল। এর কিছুক্ষণের মধ্যেই সাব্বিরকে তার হাত থেকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে যাই। তখন চিকিৎসক জানান সাব্বির মারা গেছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, মরদেহ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই। এর আগেই অভিযুক্ত জাসন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে হত্যা মামলা হবে।

  • ছুরিকাঘাত
  • যুবক
  • রাজশাহী
  • হত্যা
  • #