প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাশ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সাগরিকা বিটাক এলাকার একটি পোশাক কারখানার কর্মী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিটাক বাজার মোড়ের একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আকাশ দাশের সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকমাস আগে কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিল একটি চক্র। সে সময় আকাশ প্রতিবাদ করে। এর জেরে ওই চক্র তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
নিহতের ভাই সাগর দাশ বলেন, রাত ৮টার দিকে বাসায় খাওয়ার পর কর্মস্থলের দিকে যায় আকাশ। কারখানার সামনে পৌঁছলে সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন, নাজমুলকে তর্ক করতে দেখতে পায়। একপর্যায়ে মাইকেলকে মারধর করতে দেখে এগিয়ে যায় আকাশ। এ সময় ওই যুবকরা আরও কয়েকজনকে ডেকে আনে। এরপর আকাশের মাথায় হেলমেট দিয়ে আঘাত করে। একপর্যায়ে তারা আকাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আকাশকে উদ্ধার করে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিএমপির সহকারী কমিশনার রুহুল আমিন লাবু বলেন, সাগরিকার বিটাক এলাকায় আকাশ দাশ নামে একজনকে করে মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।