পাকিস্তানে হামলা করেছে আফগানিস্তান

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

পাকিস্তান সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এ হামলার জবাব অতি দ্রুত দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।

এক্সে এক পোস্টে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তে বিভিন্ন এলাকায় বিনা উসকানিতে গুলি চালিয়েছে আফগানিস্তান। দ্রুত ও কার্যকরভাবে এগুলোর জবাব দেওয়া হবে।

আফগানিস্তানের একটি সামরিক কোরের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে এই লড়াই শুরু হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, পাকিস্তানি সামরিক বাহিনীর পুনরাবৃত্ত উসকানি ও লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইনের অপর পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনায় ব্যাপক আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে।

এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে ১৩ জন বেসামরিক মানুষ নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন। যদিও মৃত্যু নিয়ে পৃথক দাবি করেছে ইসলামাবাদ ও কাবুল। ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল।

  • আফগানিস্তান
  • পাকিস্তান
  • হামলা
  • #