প্রতীকী ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর শনিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় এসে আড্ডা দিতেন এবং পথচারী মেয়েদের উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে রশিদপুরের বাসিন্দারা একাধিকবার আপত্তি জানান ও সতর্ক করেন। কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি হয়নি; বরং উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে রশিদপুরে এসে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। শাহ আলমসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শাহ আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান। শাহ আলমের ছেলে গুরুতর আহত সবুজকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিপক্ষের কয়েকজন বাড়িঘর ছেড়ে আত্মগোপনে যান বলে স্থানীয়রা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করেছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর শনিবার বিকেলে সমকালকে বলেন, নিহতের মরদেহ বর্তমানে বগুড়া সদর হাসপাতালে রয়েছে। নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের কাগজপত্র পৌঁছালে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি মেয়েদের উত্ত্যক্ত করার বিষয় নিয়ে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।