কলকাতায় মারা গেছেন সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম পশ্চিমবঙ্গের কলকাতায় মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। একাদশ সংসদের সদস্য ছিলেন টাঙ্গাইল আওয়ামী লীগের এই নেতা।

কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় ভর্তি ছিলেন তিনি। তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন জহিরুল ইসলাম। তবে তার এলাকায় গুঞ্জন ছিল তিনি কলকাতায় চলে গেছেন। মৃত্যুর সময় জোয়াহেরুল ইসলামের পাশে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিক্যাল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। অন্যদিকে তার অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে সম্প্রতি এসেছেন তার মেয়ে।

চব্বিশের ৫ আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আশ্রয় নেন।তখন জোয়াহেরুল ইসলামও সেখানে চলে যান বলে জানা গেছে। অবশ্য বাংলাদেশ বা কলকাতায় তাকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি।

জোয়াহেরুল ইসলামের ঘনিষ্ট ছিলেন- এমন কয়েকজনের সূত্র থেকে জানা গেছে, প্রয়াত এই সাবেক সংসদ সদস্যের মরদেহ বাংলাদেশে নিয়ে যেতে চায় তার পরিবার। দেশের মাটিতেই তার কবর দিতে চান। এ জন্য উভয় দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করছেন তারা। বাংলাদেশ সরকারের সবুজসংকেত পেলে কলকাতা দূতাবাস থেকে এনওসি মেলার সম্ভাবনা রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

  • কলকাতা
  • জোয়াহেরুল ইসলাম
  • মত্যু
  • সাবেক এমপি
  • #