চূড়ান্ত হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে দেশে বিনিয়োগ, সঞ্চয় এবং মোট দেশজ উৎপাদন-এ তিনটিই কমেছে। শুধু তা-ই নয়, গত তিন বছরের মধ্যে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএসি)-এর ওয়েবসাইটে জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। সরকারি সংস্থাটির চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ। এটি গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম।
প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ। দেখা যাচ্ছে, আগের বছরের তুলনায় জিডিপি প্রবৃদ্ধি কমেছে শূন্য দশমিক ৭৩ শতাংশীয় পয়েন্ট। এর আগে ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১০ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়ায়।
দেশের কৃষি ও সেবা খাতের উৎপাদন হ্রাস পাওয়ার কারণেই মূলত জিডিপি প্রবৃদ্ধি কমেছে বলে বিবিএসের তথ্য পর্যালোচনায় জানা গেছে। জিডিপির বৃহৎ তিনটি খাত- কৃষি, শিল্প ও সেবার মধ্যে শুধু শিল্প খাতে প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৫১ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে ৩ দশমিক ৭১ শতাংশে উন্নীত হয়েছে। আলোচ্য সময়ে শিল্প খাতে প্রবৃদ্ধি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।
অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতে শূন্য দশমিক ৮৮ শতাংশীয় পয়েন্ট এবং সেবা খাতে শূন্য দশমিক ৭৪ শতাংশীয় পয়েন্ট প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে কৃষি খাতে ৩ দশমিক ৩০ শতাংশ এবং সেবা খাতে ৫ দশমিক ০৯ শতাংশ প্রবৃদ্ধি ছিল। ২০২৪-২৫ অর্থবছরে এই দুই খাতে প্রবৃদ্ধি কমে কৃষিতে ২ দশমিক ৪২ শতাংশ এবং সেবায় ৪ দশমিক ৩৫ শতাংশে নেমে গেছে।
গত অর্থবছরে শুধু যে দেশের অভ্যন্তরীণ উৎপাদন হ্রাস পেয়েছে তাই নয়, দেশের সঞ্চয় ও বিনিয়োগও হ্রাস পেয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের বিনিয়োগ কমেছে ২ দশমিক ১৬ শতাংশীয় পয়েন্ট, দেশজ সঞ্চয় কমেছে ১ দশমিক ৯৮ শতাংশীয় পয়েন্ট এবং জাতীয় সঞ্চয় কমেছে ০ দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট।
২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জিডিপির অনুপাতে বিনিয়োগের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৫৪ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩০ দশমিক ৭০ শতাংশ। দেশজ সঞ্চয়ের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৯৮ শতাংশীয় পয়েন্ট, যা আগের অর্থবছরে ছিল ২৩ দশমিক ৯৬ শতাংশীয় পয়েন্ট। এ ছাড়া জাতীয় সঞ্চয়ের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৬৭ শতাংশীয় পয়েন্ট, যা আগের অর্থবছরে ছিল ২৮ দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট।
জিডিপি প্রবৃদ্ধির হার কমলেও টাকার অঙ্কে বা চলতি মূল্যে মোট জিডিপি বৃদ্ধি পাওয়ায় মাথাপিছু আয় বেড়েছে। বিবিএসের হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় বেড়েছে ৩১ মার্কিন ডলার।