তারাবি শেষে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা, পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

রাজশাহীর চারঘাটে জলসা ও মাহফিলে প্রধান অতিথি করা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি সিপাইপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির সদস্য। তিনি স্থানীয় এমপি আবু সাইদ চাঁদের অনুসারী বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে স্থানীয়ভাবে একটি জালসা ও মাহফিল করার উদ্দেশ্যে নিয়ে আলোচনায় বসেন। এ সময় একপক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চায়, অপরদিকে এরশাদসহ অন্যরা স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চায়।

এসময় দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডায় আলোচনা ভেস্তে যায়। পরে রাত ৯টার দিকে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এসময় আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন তাকে পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ তার বাড়িতে আছে।

হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম।

#