পুত্রবধূকে বেঁধে রেখে শাশুড়িকে হত্যা, প্রবাসীর বাড়িতে লুটের অভিযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

চাঁদপুরের মতলব উত্তরে এক প্রবাসীর বাড়িতে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। ওই বাড়ি থেকে নিহত পারুল বেগমের (৭০) পুত্রবধূকে হালিমা আক্তারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাগানবাড়ি এলাকার ওই ঘর তাকে উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকালের যেকোনো সময়ের মধ্যে পারুল বেগমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে পুরুষশূন্য ওই বাড়িতে শাশুড়িরে সঙ্গে থাকতেন হালিমা আক্তার। হালিমার স্বামী নুরুল ইসলাম একজন প্রবাসী। গত শুক্রবার রাতে ওই বাড়িতে প্রবেশ করেন কয়েকজন ডাকাত। এসময় তারা পারুলকে হত্যার পর হালিমাকে বেঁধে রেখে ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনাটি পরিকল্পিত ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত অপরাধ—তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সাহেরা বেগম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎবিলের কাগজ নিতে তিনি বাড়িটিতে যান। বাইরে শিশু মাহাদি হাসান ও মারিয়া খেলছিল। পরিবারের অন্য সদস্যদের খোঁজ নিতে ঘরে ঢুকে তিনি দেখেন, এক কক্ষে পারুল বেগম মেঝেতে পড়ে আছেন এবং অন্য কক্ষে হালিমা আক্তার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

কিছুটা সুস্থ হওয়ার পর হালিমা আক্তার জানান, এশার নামাজের কিছুক্ষণ পর মুখ বাঁধা অবস্থায় ৩-৪ জন ব্যক্তি ঘরে প্রবেশ করে। তারা প্রথমে তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের মালামাল লুট করে। পরে পাশের কক্ষে গিয়ে তার শাশুড়ি পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন এবং এরপর আর কিছু জানেন না।

খবর পেয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানীব বলেন, ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। আশা করি দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন করতে সক্ষম হব।

  • প্রবাসী
  • বাড়ি
  • লুট
  • হত্যা
  • #