প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে সিহাব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিযনের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌর ৭নং ওয়ার্ডের চন্ডিপুর এলাকায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে সিহাবকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, সিহাব শিবগঞ্জের ছত্রাজিৎপুর গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার দেহে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার চিহ্ন রয়েছে। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মরদেহ মরদেহ উদ্ধার হয়েছে।
কারা তাকে হত্যা করেছে, তা শনাক্ত করে আটকে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পরিদর্শক শাকিল।