প্রতীকী ছবি
চট্টগ্রামের আনোয়ারায় রূপালী ব্যাংকের শাখা থেকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে ব্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অঞ্জন মল্লিকের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তবে তার পরিবার-আত্মীয়স্বজন পাশের বোয়ালখালী উপজেলায় বসবাস করেন বলে জানা গেছে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। শুক্র ও শনিবার ছুটির পর রোববার সকালে ব্যাংক খুলে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।