নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরেক শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নওখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) এবং একই থানার নাদোর শহীদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে ঘটনাস্থলেই আলামিন নামে একজন নিহত হন। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ সময় মিশু নামে আরেক শ্রমিক আহত হন।
ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের গ্র্যাব পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহত দুজনের নামই আলামিন বলে তিনি জানান।
দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মেহেদী ইসলাম।