ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই এমন দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান বলছে, তিনি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।
নেতানিয়াহু বলেন, ‘এই স্বৈরশাসক চলে গেছে এমন ক্রমবর্ধমান লক্ষণ দেখা যাচ্ছে।’ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে এর কিছুক্ষণপরই ইরানের দুই সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ দেশটির সরকারি সূত্রের বরাতে জানান খামেনি বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।
বার্তাসংস্থা রয়টার্সও পরবর্তীতে তাদের খবরের শিরোনাম পরিবর্ত করে লিখে ‘ইসরায়েলিরা বলছে খামেনি মারা গেছেন, ইরানিরা বলছে তিনি ময়দানে নেতৃত্ব দিচ্ছেন’।
ইরানের বিরুদ্ধে অভিযান ‘যতদিন প্রয়োজন’ অব্যাহত রাখার পরামর্শ দেওয়ার পরে ইসরায়েলের নাগরিকদের দেশটির হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা পরামর্শ শোনার আহ্বান জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করেন।
ইসরায়েলি এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, খামেনি মারা গেছেন এবং তার মরদেহ পাওয়া গেছে। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, তেহরানে তার কম্পাউন্ডে হামলায় খামেনি নিহত হয়েছেন।
টাইমস অফ ইসরায়েলসহ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন।